

আদিবাসী পরিচয় এবং নারী—এই দুই পরিচয়ের কারণে সমাজে প্রতিনিয়ত ‘দ্বৈত বৈষম্যের’ শিকার হচ্ছেন সাঁওতাল নারীরা। এই বৈষম্যের অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে সমমর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। আজ রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে আদিবাসী নারীনেত্রীরা এই দাবি জানান।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অবলম্বন’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ ছিল সাঁওতাল নারীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও দাবি
সকালে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সাঁওতাল নারীরা একটি শোভাযাত্রা বের করেন। হাতে বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি ঢাকা-দিনাজপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে আদিবাসী নারী-পুরুষের পাশাপাশি স্থানীয় বাঙালি সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। শোভাযাত্রা শেষে ইউনিয়ন পরিষদ চত্বরটি সাঁওতাল ও বাঙালিদের এক মিলনমেলায় পরিণত হয়।
আলোচনাসভায় বক্তাদের উদ্বেগ
পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পল্লবী মুর্মুর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আদিবাসী নারীদের নিরাপত্তা ও মজুরি বৈষম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা বলেন, আদিবাসী নারীরা একদিকে লিঙ্গভেদে বৈষম্যের শিকার, অন্যদিকে তাঁদের জাতিগত পরিচয়ের কারণেও নিগৃহীত হতে হয়। সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের পাশাপাশি অনেককে নিজস্ব ভূমি থেকেও উচ্ছেদ হতে হচ্ছে। এছাড়া কৃষি ও শ্রমবাজারে বাঙালি ও আদিবাসী নারী শ্রমিকরা পুরুষদের তুলনায় অনেক কম মজুরি পাচ্ছেন, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
সমন্বিত উদ্যোগের আহ্বান
সভায় বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কাটাবাড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, নাগরিক কমিটির সভাপতি গৌড় চন্দ্র পাহাড়ী প্রমুখ। এছাড়া আদিবাসী যুবনেত্রী সোনালী মার্ডি, আলবীনা মুর্মু ও সাধনা রানীসহ স্থানীয় নারীনেত্রীরা বক্তব্য দেন।
বক্তারা জোর দিয়ে বলেন, মানবাধিকার সবার জন্য সমান। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্য দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে আদিবাসী নারীদের শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও ভূমির অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন