

গৃহযুদ্ধের সময় ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধে’ দোষী সাব্যস্ত করে সিরিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার আসাদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
একই মামলায় আসাদের চাচাতো ভাই এবং সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। উল্লেখ্য, ওই দমন অভিযানের ধারাবাহিকতাতেই পরবর্তীতে সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূচনা হয়েছিল।
কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আদালতের রায় ঘোষণা করা হয়। রায় পাঠকালে আতেফ নাজিব বন্দির পোশাক পরিধান করে আদালতের কাঠগড়ার খাঁচার ভেতরে দাঁড়িয়ে ছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে নিলে বাশার আল-আসাদ ও তাঁর ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। তবে পরবর্তীতে আতেফ নাজিব গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি আসাদ সরকারের বিচারের মুখোমুখি হওয়া শীর্ষ কর্মকর্তাদের একজন। ২০১১ সালে দারা প্রদেশে আসাদ সরকারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাজিব।
সিরিয়ায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে এটিই প্রথম বিচারিক রায়। দেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ চলতি বছর থেকে সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে সশরীরে ও অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া চালু করেছে।
মন্তব্য করুন