

রাজধানীর উত্তরখানের মৌসাইদ এলাকায় একটি খ্রিষ্টান পরিবারের সাড়ে চার শতক জমি দখল এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি চক্রের অব্যাহত হুমকিতে নিরাপত্তার অভাবে বাধ্য হয়ে জমির মালিকের বৃদ্ধা মা নিজ বাড়ি ছেড়ে বর্তমানে অন্য এলাকায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, জমিটির মূল মালিক প্রবাসিনী অ্যামি ডি’ক্রজ (Amy DCruze), যিনি তাঁর পিতামহের কাছ থেকে জমিটি উপহার হিসেবে পেয়েছিলেন। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় কয়েকজন ডেভেলপার ও তাঁদের সহযোগীরা কম দামে জমিটি বিক্রি করে দেওয়ার জন্য অ্যামি ও তাঁর স্বামীর ওপর চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁদের ওপর হামলা চালিয়ে জমিটির নিয়ন্ত্রণ নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
ওই সময় নিরাপত্তা চেয়ে পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৮৭৫) দায়ের করা হয়েছিল।
সর্বশেষ গত ১৫ আগস্ট কয়েক ব্যক্তি মৌসাইদের বাড়িতে গিয়ে অ্যামি ডি’ক্রজের মায়ের কাছে জমি হস্তান্তরের দাবি জানান। তিনি জানান, জমিটি তাঁর মেয়ের নামে এবং মেয়ে বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি এটি হস্তান্তর করতে পারবেন না। অভিযোগে বলা হয়, পরদিনই ওই ব্যক্তিরা জমিতে জোরপূর্বক সাইনবোর্ড টাঙিয়ে দেন এবং বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ না করার জন্য তাঁকে তীব্র হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী থানায় গেলেও পুলিশ নতুন কোনো সাধারণ ডায়েরি গ্রহণ করেনি বলে পরিবারটির দাবি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি দখলে জড়িত ব্যক্তিরা স্থানীয়ভাবে অত্যন্ত প্রভাবশালী। তাঁদের ক্রমাগত হুমকিতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনতিবিলম্বে দখল হওয়া জমি উদ্ধার এবং পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
মন্তব্য করুন