

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে জাহিদ হাসান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু জাহিদ কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর থেকে শিশু জাহিদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে শনিবার সকালে নিজ বাড়ি থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদে স্থানীয় বাসিন্দারা শিশুটির মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহা. নাজমুল ইসলাম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন